ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অপরাধ

যমুনা সেতু পূর্বে র‍্যাবের অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ৪৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প)।মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পূর্ব থানাধীন পূর্ব গোলচত্বরে সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে চলাচলকারী দেশ ট্রাভেলস-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাসিন্দা মোছা. শিরিন খাতুন (২২) ও মো. তসিকুর রহমান রুবেল (৩৫)। র‍্যাব জানায়, তারা স্বামী-স্ত্রী এবং যাত্রীবেশে মাদক বহন করছিলেন।র‍্যাবের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের কাছে হেরোইন থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।র‍্যাব-১৪ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

যমুনা সেতু পূর্বে র‍্যাবের অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার