ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, শহীদ পরিবারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।আজ শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থান ২৪’ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও ড. জোহার স্মৃতির মতো করেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।’শেষে তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ আন্দোলনে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম. রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল হাসনাইন এবং রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন প্রমুখ।আলোচনা সভায় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা। এর আগে ভূমিমন্ত্রী জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এনএম/ধ্রুবকন্ঠ