ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল কচ্ছপ

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বিরল প্রজাতির কচ্ছপ।আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকায় কচ্ছপটি নিয়ে আসেন শাকিল মাঝি নামের এক জেলে। এদিকে জেলে জালে কচ্ছপ ধরা পড়ার বিষয়টি ছড়িয়ে পড়তেই সেটিকে একনজর দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা। পরে কচ্ছপটিকে নিরাপদে নদীতে অবমুক্ত করা হয়।শাকিল মাঝি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি আরো চারজন মাঝিমাল্লা নিয়ে নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে জাল টানতে গিয়ে তারা বুঝতে পারেন, জালে ভারী কিছু আটকা পড়েছে।প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল তোলা হলে দেখা যায়, একটি বিশাল আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। পরে অন্যান্য মাছের সঙ্গে কচ্ছপটিকেও তীরে নিয়ে আসা হয়। কচ্ছপটি তীরে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। জেলেরা জানান, এর আগে তারা কখনো এত বড় কচ্ছপ জালে আটকাতে দেখেননি। স্থানীয়দের কেউ কেউ এটিকে বিরল প্রজাতির জলজ প্রাণী বলে মন্তব্য করেন।এ বিষয়ে উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এই জাতীয় কচ্ছপ সাধারণত সাগরের মোহনায় থাকে। জেলেরা যখন সাগরের মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে তখন তাদের জালে জড়িয়ে পড়ে।’তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিচ্ছি। এছাড়াও আমাদের টিম সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কোন জেলের জালে কচ্ছপ ধরা পড়লে তা দ্রুত সুস্থ অবস্থায় নদী বা সাগর মোহনায় অবমুক্ত করার নির্দেশ রয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল কচ্ছপ