বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, ‘খেলাধুলাকে বাদ দিয়ে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আদমদীঘির প্রতিটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম তৈরি করা হবে।’আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আব্দুল মহিত তালুকদার বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে। ইতিমধ্যে দুই উপজেলার উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। তারমধ্যে আদমদীঘি উপজেলায় ১১ কোটি এবং দুপচাঁচিয়ায় ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সান্তাহার পৌরসভার জন্য সাড়ে ৩৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এসব টাকার কাজ হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। সেই সঙ্গে সান্তাহার-আক্কেলপুর সড়ক ৪ লেনে উন্নীত করা হবে।‘তিনি আরও বলেছেন, ছাতিয়ানগ্রাম স্টেশন পুনরায় চালু করে জংশনে পরিণত করা হবে। এখান থেকে বগুড়া হয়ে মানুষ ঢাকা যেতে পারবেন।সেই সঙ্গে ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভবন, খেলার মাঠ সংস্কার, বালিকা বিদ্যালয়ের প্রাচীর ও একটি কলেজ করার ঘোষণাও দেন তিনি।ছাতিয়ান গ্রামের ব্যবসায়ী মাহাবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সহসভাপতি গোলাম মোস্তফা, তথ্য ও গবেষণা সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম জুয়েল রানা, আদমদীঘি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার প্রমুখ। এনএম/ধ্রুবকন্ঠ