ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কাজাখস্থানের রিবাকিনা

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় জমজমাট লড়াই হলো আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনার মধ্যে। ৩ সেটে দুই জনের জয়-পরাজয়ের ব্যবধানও সমান। কিন্তু একটি সেট বেশি জিতেছেন রিবাকিনা। আর তাতেই বাজিমাত করলেন কাজাখস্থানের এই টেনিস তারকা এলিনা রিবাকিনা।ম্যাচের শুরুতে সেট হেরে পিছিয়ে পড়লেন আরিনা সাবালেঙ্কা। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ালেন তিনি। তৃতীয় সেটের শুরুরটাও ভালোই হলো তার।কিন্তু এরপর, যেভাবে পাল্টা আক্রমণ করলেন এলেনা রিবাকিনা, তার জবাব পেলেন না সাবালেঙ্কা।অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন রিবাকিনা। প্রথমবারের মতো বছরের প্রথম এই গ্র্যান্ড স্লামের শিরোপা জিতলেন ২৬ বছর বয়সী রিবাকিনা।দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রিবাকিনা। এর আগে ২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরে যান তিনি। ৩ বছরের ব্যবধানে সে হারের ক্ষতে প্রলেপ দিলেন রিবাকিনা। অন্যদিকে টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে গেলেন সাবালেঙ্কা। এর আগে গত বছর ফাইনালে ম্যাডিসন কিসের কাছে হেরে যান এই নাম্বার ওয়ান। এবার তাঁর শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা বাড়ালেন রিবাকিনা।কোনো সেট না হেরেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে আসেন সাবালেঙ্কা ও রিবাকিনা। ফাইনালে ওঠার পথে দুজনই ছিলেন দারুণ ছন্দে। শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে তাঁদের মধ্যে সোয়া দুই ঘণ্টার দীর্ঘ ও কঠিন লড়াই হয়। ম্যাচের প্রথম সেটে নিয়ন্ত্রিত খেলায় ৬-৪ গেমে জয় তুলে নিয়ে এগিয়ে যান রিবাকিনা।এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। আর একই ব্যবধানে ৬-৪ গেম জিতে তিনি ম্যাচে সমতা ফেরান এবং লড়াইকে আরও জমিয়ে তোলেন। তৃতীয় সেটের শুরুতেও সাবালেঙ্কা এগিয়ে ছিলেন। একের পর এক গেম জিতে তিনি ৩-০ ব্যবধানে লিড নেন।তবে সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখেন রিবাকিনা। চাপ সামলে উঠেন রিবাকিনা এবং ধারাবাহিকভাবে গেম জিতে নেন তিনি। শেষ পর্যন্ত তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে গেম জিতে ম্যাচের জয় নিশ্চিত করেন রিবাকিনা।ক্যারিয়ারে এটি রিবাকিনার দ্বিতীয় মেজর ট্রফি। এর আগে ২০২২ সালে ঐতিহ্যবাহী উইম্বলডন জিতে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন তিনি। দীর্ঘ সাড়ে তিন বছর পর আবারও একটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন পাঁচ নম্বর র‍্যাঙ্কিংধারী এই তারকা টেনিস খেলোয়াড়। এতদিন ধরে অপেক্ষার পর বড় মঞ্চে আবার সাফল্য পাওয়ায় উচ্ছ্বাস লুকাতে পারেননি রিবাকিনা।শিরোপা জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এই মুহূর্তে কী বলব, সত্যিই বুঝতে পারছি না। এই জয় আমার কাছে অনেক বিশেষ।’ একই সঙ্গে প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কার প্রশংসা করে রিবাকিনা বলেন, ‘আমি সাবালেঙ্কাকে অভিনন্দন জানাতে চাই। গত কয়েক বছর ধরে সে দারুণ সাফল্য অর্জন করেছে এবং নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ এমএইছ/ধ্রুবকন্ঠ  

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কাজাখস্থানের রিবাকিনা