ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে এবং সীমান্ত পিলার থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে ভারী বৃষ্টির সুযোগ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে খাকি রঙের মোড়কে পেঁচানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এএমএন/ধ্রুবকন্ঠ 

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার