ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যশোরে র‍্যাব কার্যালয়ের সামনে শ্রমিককে রড দিয়ে আঘাত, হাসপাতালে ভর্তি

যশোর শহরে পূর্বশত্রুতার জেরে আশিক হোসেন (৪৫) নামের এক ওয়ার্কশপ শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ রোববার (৮ মার্চ) বিকেল চারটার দিকে যশোর র‍্যাব কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।আহত আশিক হোসেন যশোর সদর উপজেলার গাজীপুর ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। তিনি শহরের র‍্যাব অফিসের সামনে অবস্থিত ‘বিসমিল্লাহ ওয়ার্কশপ’-এ রঙের কাজ করেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কাজ করার সময় একই এলাকার আর এম রোড নিবাসী কালু (৪৫) লোহার রড নিয়ে আশিকের ওপর অতর্কিত হামলা চালায়। পূর্বশত্রুতার জের ধরে এ সময় কালু তার মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। হামলার পর আশিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসকদের মতে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।র‍্যাব কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকার সামনে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কালুর সঙ্গে আহতের পুরনো কোনো বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

যশোরে র‍্যাব কার্যালয়ের সামনে শ্রমিককে রড দিয়ে আঘাত, হাসপাতালে ভর্তি