ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নিরাপদ দেশ রেখে যেতে চাইলে হ্যাঁ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘বিগত সময়ের শাসনামলগুলোতে আমাদের দেশের সব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিপ্লব করে আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।‘আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমরা যদি সঠিকভাবে ভোটটা না দিতে পারি, তাহলে অতীতের সব কিছুই আরো কঠোর হয়ে বীরদর্পে ফিরে আসবে। মনে রাখবেন আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে। ন্যায্যতার ভিত্তিতে বিচার ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। কোন জেলার মানুষ কত হ্যাঁ ভোট দিলেন আমরা কিন্তু সেটাও মনিটরিং করব।’এ ছাড়াও দেশব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে আগামী সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভালো করতে পারবে সেই রকম সৎ ও ভালো মানুষদের ভোট দেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা।সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।   এনএম/ধ্রুবকন্ঠ

নিরাপদ দেশ রেখে যেতে চাইলে হ্যাঁ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা