ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।আজ স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুতির পর আরেক ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০০ জন আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রেল অপারেটর এডিআইএফ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে স্পেনের কর্ডোবার কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেনের শেষ অংশ লাইনচ্যুত হয় এবং বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা হুয়েলভাগামী ট্রেনকে ধাক্কা দেয়। ফলে এই ট্রেনটিও লাইনচ্যুত হয়।সরকারি সম্প্রচারমাধ্যম টেলেভিসিওন এস্পানিওলা জানায়, এই দুর্ঘটনায় মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির চালকও নিহত হয়েছেন। ঘটনার পরপরই জরুরি উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই-এর সাংবাদিক সালভাদোর হিমেনেস জানান, তিনি মালাগা থেকে আসা ট্রেনটিতে ছিলেন। ট্রেনটির শেষ দুটি বগি লাইনচ্যুত হয় এবং শেষ বগিটি পুরোপুরি উল্টে গিয়ে রেললাইনের ওপর পড়ে। তিনি বলেন, ‘দুর্ঘটনার ঠিক আগে ট্রেনটি যেন ভূমিকম্পের মতো কাঁপছিল।’স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে মাদ্রিদের আতোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। সোজা রেলপথে লাইনচ্যুতির ঘটনা অবাক করার মতো ঘটনা।’ তিনি জানান, এই রেলপথের অংশটি চলতি বছরের মে মাসে সংস্কার করা হয়েছিল।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ বলেছেন, ‘দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করছে।’ তিনি আরও বলেন, ‘আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। কোনো কথাই এমন গভীর শোক লাঘব করতে পারে না, তবে আমি চাই তারা জানুক—এই কঠিন সময়ে পুরো দেশ তাদের পাশে রয়েছে।’আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো রোববার গভীর রাতে সামাজিক মাধ্যমে লেখেন, ‘ক্ষতিগ্রস্ত সবাইকে আমাদের সংহতি ও সমর্থন।’আন্দালুসিয়ার  রেল কর্তৃপক্ষ জানায়, আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্ডোবা, সেভিয়া, মালাগা ও হুয়েলভা থেকে চলাচলকারী ট্রেনগুলো স্থানীয় সময় সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। এমএইছ / ধ্রুবকন্ঠ

স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত বেড়ে ৩৯