ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বার্ড-এ কুবি শিক্ষার্থীদের সার্টিফিকেট বিরতণী অনুষ্ঠান

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ১৩ জন ইন্টার্ন শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে 'সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান' সম্পন্ন হয়েছে। তিন মাসের ইন্টার্নশিপ শেষ করে তারা এই সার্টিফিকেট পায়।‎ইন্টার্ন শিক্ষার্থীরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের রকিবুল হাসান সোহাগ, আসাদুজ্জামান নূর, আনজান তুষার, শাহিন মিয়া, মোহাম্মদ আরমান সিদ্দিকী, লামিয়া আর্জুমান্দ, নুসরাত মাহি, আব্দুল্লাহ, রমজান আলী, বৃষ্টি আচার্য, আসাদুল ইসলাম রুমন, কুমার বিশ্বজিৎ রয়, দীনেশ বসু চাকমা।‎রবিবার (২১ এপ্রিল) বার্ডের এক সম্মেলন কক্ষে বার্ডের রিসার্চ ডিভিশনের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক মোঃ সাইফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বার্ডের রিসার্চ বিভাগের পরিচালক মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের সদস্যবৃন্দ, ইন্টার্ন শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক এবং ইন্টার্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‎অনুষ্ঠানে তত্ত্বাবধায়কগন ইন্টার্নশিপ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে তাদের মূল্যায়ন ও ইন্টার্নশিপ সম্পর্কে তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠান শেষে ইন্টার্ন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং তাদের সম্পন্নকৃত ইন্টার্নশিপ রিপোর্ট গ্রহণ করা হয়। এ ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।‎তিন মাসের ইন্টার্নশিপ শেষে অনুভূতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লামিয়া আর্জুমান্দ বলেন, "বার্ডে ইন্টার্নশিপ করে আমি মিডিয়া, রিসার্চ, কমিউনিকেশন তিনটা সেক্টরেই কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বার্ডে অর্জিত এই অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ পেশাগত জীবন ও গবেষণার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।"‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, 'বর্তমান সময়ে পুস্তকীয় জ্ঞান থাকলেই হবে না, সেটাকে বাস্তবে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা জানতে হবে। আর সেই কাজটা যেন ছাত্রছাত্রীরা ভালোভাবে করতে পারে তার জন্যই ইন্টার্নশিপ। শিক্ষার্থীরা তাদের চার বছরে বিভিন্ন কোর্সের মাধ্যমে যেসব তাত্ত্বিক ধারণা পেয়েছে এই ইন্টার্নশিপের মাধ্যমে তা মূল্যায়ন করা হবে।'‎প্রধান অতিথির সমাপনী বক্তব্যে বার্ডের মহাপরিচালক মোঃ সাইফ উদ্দিন আহমেদ বলেন,  'বর্তমান সময়ে পৃথিবী খুব ফাস্ট। একটা সময় ছিল যখন বিশ্ববিদ্যালয়গুলো নলেজ দিত আর কোম্পানিগুলো স্কিল শেখাতো। কিন্তু বর্তমানে চাকরির বাজারে কোম্পানিগুলো স্কিল শেখাতে চায় না, তারা রেডিমেট প্রোডাক্ট চায়, স্কিলড্ লোকজন চায়। আর ইন্টার্নশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী তার নলেজকে স্কিলড্- এ রূপান্তর করতে পারে। তাই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই স্কিল বাড়াতে হবে।' এএমএন/ধ্রুবকন্ঠ 

বার্ড-এ কুবি শিক্ষার্থীদের সার্টিফিকেট বিরতণী অনুষ্ঠান