ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামায়াত থেকে গাজী নজরুলকে বহিষ্কারে সাতক্ষীরায় সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এরপরই তার নিজ আসন শ্যামনগর সদরে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এদিকে, শুধু বহিষ্কার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চান জামায়াতের সাধারণ সমর্থকরাও। বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির জানান, নৈতিক স্খলনের জন্য তাকে বহিষ্কার করায় জামায়াতকে ধন্যবাদ জানান। তবে শুধু এইটুকুতে সন্তুষ্ট নন সাধারণ মানুষ। তাকে দলীয় পদ থেকে অপসারণের আহ্বান জানান তিনি। সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন। সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে আমাদের কর্মীরা বিভ্রান্ত হবে না। এই ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ায় এই মর্যাদা ফিরে পাব বলে বিশ্বাস করি। এর আগে, গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ-সমাবেশ হয়। বুধবার (২২ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। যেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়।  এনএম/ধ্রুবকন্ঠ

জামায়াত থেকে গাজী নজরুলকে বহিষ্কারে সাতক্ষীরায় সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ