ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

"সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান"—এই স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত করা হয়েছে।​২২ জুলাই ২০২৬ বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচির শেষ দিনে শিবগঞ্জের সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে থেকে ট্রাক টার্মিনাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।​বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনের এই শেষ পর্বের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) জনাব সৈয়দ শাহীন শওকত।​উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মীসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।​এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। দুই দিনব্যাপী এই সফল আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত