ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রচারিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্য মিনারা বেগমের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মিনারা বেগমের বিরুদ্ধে সরকারি ভাতা দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বুধবার মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক প্রতিবাদ সংবাদ সম্মেলনে মিনারা বেগম লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে মিনারা বেগম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি আরও বলেন, যেকোনো নিরপেক্ষ তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে কর্তৃপক্ষ যে শাস্তি দেবে তা তিনি মেনে নেবেন। মিনারা বেগম বলেন, এ ধরনের মিথ্যা সংবাদের কারণে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যার তিনি তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সত্যের পক্ষে থাকার অনুরোধ করেন। তিনি বলেন,“মিথ্যা দিয়ে কখনো সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। আমি আইন ও জনগণের ওপর পূর্ণ আস্থা রাখি।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইয়ুব আকন ফিরোজ, সেলিম মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সেলিম মুন্সি বলেন, মিনারা বেগমের বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে, তাদের প্রতি তিনি নিন্দা ও প্রতিবাদ জানান। এএমএন/ধ্রুবকন্ঠ  

প্রচারিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্য মিনারা বেগমের সংবাদ সম্মেলন