ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাবির ফজলুল হক হলের পশ্চিম ব্লক হেলে পড়েছে, অন্য হলে স্থানান্তর ঘোষণা

ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের পশ্চিম ব্লকের একটি অংশ হেলে পড়েছে। পাশাপাশি হলের দেয়াল-ছাদে নতুন ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে ওই হলের শিক্ষার্থীদের নির্মাণাধীন কামারুজ্জামান হলের নিচতলায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হল প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এ ছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভগ্নদশায় থাকা মন্নুজান হলে সহস্রাধিক শিক্ষার্থীও চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। শেরে বাংলা ফজলুল হক হলের শিক্ষার্থীদের অভিযোগ হলটি অনেক পুরোনো এবং সাম্প্রতিক সময়ে বেহাল দশা হয়েছিল। খসে পড়েছিল হলে বিভিন্ন জায়গার ছাদের পলেস্তারা। আজকের ভূমিকম্পের পর হলের পশ্চিম ব্লকের একাংশ হেলে পড়েছে এবং দেয়াল ও ছাদের একাধিক জায়গায় বড় ফাটল দেখা গেছে।সকালের ভূমিকম্প শেষে তারা হল থেকে তাদের স্থানান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের দাবিতে সংহতি জানায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রাকসু নেতারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে জুমার নামাজ পর্যন্ত সময় বেধে দেন।পরে দুপুর আড়াইটায় প্রশাসন ভবনের সভা কক্ষে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, হল প্রশাসন, রাকসু ভিপি সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ রাকসু নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সভায় বসেন। সভায় হলটির শিক্ষার্থীদের নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের শিক্ষার্থীরা নতুন হলে স্থানান্তরিত হতে পারবেন। তবে হলের দুইজনের কক্ষে তিনজন করে থাকতে হবে। এ ছাড়াও হলটির নির্মাণকাজ শেষ না হওয়ায় সেখানে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়নি এবং পানিরও সংকট রয়েছে।এ ছাড়া হলের খাটের কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদেও ফ্লোরে থাকতে হবে। তাদের কিছুটা কষ্ট হলেও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হলটির একধিক শিক্ষার্থী বলেন, নতুন হলে কক্ষ সংযুক্তকরণ প্রক্রিয়ার জন্য আজ তারা নতুন হলে যাবেন না। আজ রাতের ভেতর তাদের কক্ষ সংযুক্ত করার কাজ শেষ হলে আগামীকাল নতুন হলে যাবেন।মন্নুজান হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলটিতে রয়েছে ইলেক্ট্রিসিটির গোলযোগ, বিভিন্ন ব্লক ও তলার বাথরুমগুলোর লোহার মরিচা ধরা পাইপ থেকে চুইয়ে পড়ে পানি এবং ছাদের ঢালাই ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। এ অবস্থায় আজকের ভূমিকম্পে হলটির শিক্ষার্থীদের মাঝে তীব্র নিরাপত্তা ঝুকি তৈরি করেছে।এ বিষয়ে মন্নুজান হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সুমাইয়া জাহান বলেন, ‘আমরা হলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। পরে সেদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হল পরিদর্শনে আসেন। তখন ইঞ্জিনিয়ারিং বিভাগ জানায় হলটির ভবনের মেয়াদ শেষ হয়েছে। এখানে নতুন করে কোনো মেরামতে স্থায়ী কোনো সমাধান হবে না। আজকে যে ভূমিকম্প হয়েছে এতে আমাদের শিক্ষার্থীরা হতভম্ব হয়ে পড়েছে। এ সময় খসে পড়া ছাদের নিচে থাকা শিক্ষার্থীরা ভয়ে ছুটাছুটি শুরু করেছিলেন। তারা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের সুস্পষ্ট দাবি আমাদের স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে আমরা দ্রূত কর্মসূচিতে যাব।’  ধ্রুবকন্ঠ/এনএম

রাবির ফজলুল হক হলের পশ্চিম ব্লক হেলে পড়েছে, অন্য হলে স্থানান্তর ঘোষণা