ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ
গাজীপুরের শ্রীপুরে ‘বলাকা
কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে
গেছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর এলাকায় এই
ঘটনাটি ঘটে।
ট্রেনের যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি
শ্রীপুরের কাওরাইদ স্টেশন অতিক্রম করার পরপরই ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের
গতি কমে গিয়ে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এ সময় ইঞ্জিন থেকে মবিল ছড়িয়ে ছিটিয়ে যাত্রীদের
গায়ে পড়তে থাকে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম এই
তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ট্রেনটি হঠাৎ
বিকল হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ইঞ্জিন
ঘটনাস্থলে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের কারণে আশপাশের
স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিতে আছে বলেও জানান তিনি।
এনএম/ধ্রুবকন্ঠ