ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।আজ শনিবার (১ আগস্ট) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে।শনিবার বিকেলে কুমিল্লা নগরীর শাকতলায় র‍্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, আসামি মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে তাকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুযোগ নিয়ে অন্য বন্দিদের সঙ্গে তিনিও কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ পরে কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে একটি মামলা করে।ঘটনার পর থেকে মোয়াজ্জেম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার দুপুর দেড়টার দিকে র‍্যাব-১১-এর একটি দল অভিযান চালায় এবং বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  এনএম/ধ্রুবকন্ঠ

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার