ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দলীয় জোট : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘১১টি দল দেশকে ভালোবেসে বিগত ৫৪ বছরের দুর্নীতি, লুটপাট ও গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যাত্রা শুরু করেছে। এই ঐক্য যাত্রা কোনো নেতা বা জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য।‘আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডেমি মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।মামুনুল হক বলেন, ৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৪ আগস্ট পর্যন্ত দীর্ঘ ৫৪ বছর বাংলার মানুষ অধিকার হারিয়েছে। দেশের শাসকরা শাসনের নামে শোষণ করেছে। মানুষ তার অধিকার আদায় করতে গিয়ে জুলুম-অত্যাচারের শিকার হয়েছে। এরপর ২০২৪ সালে মানুষের পিট যখন দেওয়ালে ঠেকে গেল, তখন ছাত্র-জনতা বেরিয়ে আসলো রাজপথে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ৪ কোটি ছাত্র-জনতার একটি মানব প্রাচীর তৈরি করে। সেই মানব প্রাচীরে ৫৪ বছরের শোষনতন্ত্র ধুলোয় মিশে যায়।‘তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবে দেড় হাজার মায়ের বুক খালি হয়েছে। ৩০ হাজার জুলাই যোদ্ধা আহত হয়েছে। এত রক্ত ও কান্নার পরে বাংলার মানুষ একটি স্বপ্ন দেখেছিল। যেখানে আর অধিকার নিয়ে মাঠে নামতে হবে না। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এসে দেখা গেল সেই আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, জুলুমবাজ, স্বৈরতন্ত্র, পেশিশক্তি ও হাতুড়ি বাহিনী আবার ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। তারা সাধারণ মানুষকে হুমকি দেয়। অনেকে বলে, নির্বাচনে অমুককে ভোট না দিলে নাকি তারা ঘর থেকে বের হতে দেবে না।‘বিরোধী দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘রিকশা মার্কার একজন নেতাকর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, তোমরা সেই আগুন সামাল দিতে পারবা না। গোটা বাংলাদেশ উত্যপ্ত হয়ে উঠবে। আমরা শেষ পর্যন্ত শান্ত থাকতে চাই। কিন্তু যদি কেউ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোটের অধিকার কেড়ে নিতে চায়, বাংলাদেশের মানচিত্রে তার জায়গা হবে না। মনে রেখো, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা প্রমাণ করে দিয়েছে, বিপ্লবের জন্য বড় দল বা নেতা লাগে না।‘ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ, ফরিদপুরে জেলা জামায়াতের আমির মাওলানা বদরদ্দীন, নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, খেলাফত মজলিস নেতা মাওলানা শরাফত আলী, মুফতি মফিজুর রহমান, মুফতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  এনএম/ধ্রুবকন্ঠ

১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দলীয় জোট : মামুনুল হক