ফেনী শহরের হাজারী রোড এলাকায় মাদরাসা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ভবনের জানালার কার্নিশে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে দারুল নাজাত মহিলা মাদরাসার ভবন থেকে চতুর্থ শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম ইয়াসমিন আক্তার (১২)। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার দুবাইপ্রবাসী আবদুস শুক্কুরের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসমিন আগে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে। সম্প্রতি তার মা জেসমিন আক্তার তাকে দারুল নাজাত মহিলা মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করান। কিন্তু মাদরাসায় পড়াশোনায় অনীহা থাকায় সে প্রায়ই সেখান থেকে পালানোর চেষ্টা করত।শনিবার সকালে ইয়াসমিনকে তার খালাতো ভাই মাদরাসায় দিয়ে যান। কিছুক্ষণ পর মাদরাসা থেকে পালানোর উদ্দেশ্যে সে ভবনের জানালার কার্নিশে উঠে পড়ে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে। ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন তাকে কার্নিশ থেকে নিচে নামিয়ে আনেন। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে খবর আসে, হাজারী রোড এলাকার একটি ভবনের কার্নিশে এক শিশু আটকে আছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। পরে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধারের পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আইনানুগভাবে খতিয়ে দেখা হচ্ছে।’ এনএম/ধ্রুবকন্ঠ