ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনের পথ

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগস্টেই ট্রেনটির নতুন গন্তব্যের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে রেলওয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এ ক্ষেত্রে ট্রেনটির পরিচালন ও যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।সম্প্রতি ঢাকা-কক্সবাজার পথে নতুন এক জোড়া ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। রেলপথমন্ত্রী হাবিবুর রশিদ নতুন এক জোড়া ট্রেন চালুর ঘোষণা দেওয়ার পর ট্রেনটির নাম ও চলাচলের সময় নিয়ে যাত্রীদের মধ্যে নানা আলোচনা চলছে।কিন্তু রেলওয়ের সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন ট্রেন চালুর পরিবর্তে ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ট্রেনটির পরিচালন সময় ও যাত্রাপথে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ অবশ্য বলছেন, একটি রেক দিয়ে এত দূরের গন্তব্যে ২৪ ঘণ্টার মধ্যে দুই দফা ট্রেন পরিচালনা করা কঠিন। এতে নিয়মিত বিলম্বের আশঙ্কা রয়েছে।এ ক্ষেত্রে জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসের উদাহরণও টানছেন তাঁরা।এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) সুবক্তগীন রবিবার (২ আগস্ট) দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের বদলে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।’প্রসঙ্গত, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করছে। ট্রেনটি বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে পর্যটক ও ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য রেলপথে কক্সবাজার যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।   এনএম/ধ্রুবকন্ঠ

কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেনের পথ