ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় যশোরে পালিত হলো বিশ্ব নারী দিবস

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।এ উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রবন্ধে তুলে ধরা হয় আধুনিক সমাজ বিনির্মাণে নারী ও পুরুষের সমান অংশীদারিত্বের প্রয়োজনীয়তা। প্রবন্ধ পাঠের পাশাপাশি নারী ও শিশুদের অংশগ্রহণে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।অনুষ্ঠানে যশোরের বিভিন্ন পর্যায়ের নারী অধিকার কর্মী, বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।   এনএম/ধ্রুবকন্ঠ

আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় যশোরে পালিত হলো বিশ্ব নারী দিবস