সারা দেশে চলমান বিদ্যুৎ সংকটের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা ও সংলগ্ন এলাকাগুলোতে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সৃষ্ট এই পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পটুয়াখালীর কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা আমিনুর রাশেদ এক জরুরি বার্তার মাধ্যমে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা ও গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।জরুরি বার্তায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থাপনা একটি জাতীয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি থাকায় বিভিন্ন এলাকায় অনিচ্ছাকৃতভাবে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান কিছুটা সময়সাপেক্ষ হওয়ায় সাময়িকভাবে গ্রাহকদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সাধারণ গ্রাহকদের প্রতি বর্তমান জাতীয় সংকটকালে বিদ্যুৎ বিভ্রাটের সময় ধৈর্য ধারণ করে কর্তৃপক্ষকে সহযোগিতা ও বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।কুয়াকাটা জোনাল অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ বলেন, ‘এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা মানে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সমান। এই ক্রান্তিকালে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে। সবার সহযোগিতায় আমরা এই জাতীয় দুর্যোগ কাটিয়ে উঠতে পারব বলে আশা রাখি।’পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছেন। একইসঙ্গে এই সংকটময় মুহূর্তে সকলকে ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। এএমএন/ধ্রুবকন্ঠ