ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রেমিকার বিয়ের দিন ফেসবুকে পোস্ট দিয়ে প্রেমিকের আত্মহত্যা

সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরের পর উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। ফেসবুকে তিনি এস এম রাকিব খান (SM Rakib Khan) নামে পরিচিত ছিলেন।মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে রাকিব দাবি করেন, তিনি এক তরুণীকে ভালোবাসতেন এবং ওই তরুণীরও তার প্রতি ভালোবাসা ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীর বিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পোস্টে তিনি আরও লেখেন, মেয়েটিকে না পেলে তিনি বেঁচে থাকবেন না। একই সঙ্গে নিজের মৃত্যুর জন্য ওই তরুণীর বাবা-মাকে দায়ী করে তাদের পরিচয়ও উল্লেখ করেন।এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে রাকিব তার বাবা-মায়ের কাছে ক্ষমা চান। ওই পোস্টে তিনি লেখেন, কাউকে কিছু না জানিয়েই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। পোস্টের শেষে তিনি বিদায় জানান এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।জটিবাড়ি গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ‘রাকিব ভদ্র স্বভাবের ছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসেন। এরপর খেলাধুলায় সময় কাটাতেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর পেয়ে বিয়ের জন্য মেয়ের পরিবারকে রাজি করানোর চেষ্টা করেছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। তবে মেয়েটির বিয়ের দিন মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।‘স্থানীয়রা আরও বলেন, এ ঘটনায় জটিবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিন হাসিমুখে সবার সঙ্গে মিশে থাকা রাকিবের আকস্মিক মৃত্যুতে স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা স্তব্ধ। এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।  এনএম/ধ্রুবকন্ঠ

প্রেমিকার বিয়ের দিন ফেসবুকে পোস্ট দিয়ে প্রেমিকের আত্মহত্যা