ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রাক্তন স্ত্রীকে ফিরে পেতে ১০ বছরের শিশুকে অপহরণ

সিরাজগঞ্জের কাজিপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র শিপন মিয়াকে (১০) উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোতালেব প্রামানিককে (৩৮) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কাজিপুর থানা থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মোতালেব প্রামানিক শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।অপহরণের শিকার শিশুর মা বীথি খাতুন (৩০) জানিয়েছেন, গত রবিবার মোতালেব প্রামানিক শিপন মিয়াকে তার স্কুল ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে অপহরণ করেন। স্কুলের সময় শেষ হলেও বাড়িতে না ফেরায় তিনিসহ পরিবারের লোকজন তার ছেলে শিপনকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিপনের সহপাঠীরা জানায় একজন মানুষ শিপনকে নিয়ে গেছে।এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অপহৃত শিপনের মায়ের নম্বরে ফোন করেন মোতালেব। শিপনকে পেতে হলে প্রথমে ৫ লাখ টাকা দাবি করেন তিনি। কিছুক্ষণ পর আবারও ফোন করে শিপনের মুক্তির বিনিময়ে মোতালেব তার প্রাক্তন স্ত্রী বিলকিছকে তার হাতে তুলে দিতে বলেন।শিপনের বাবা সবুজ মিয়া (৩৬) জানান, অপহরণকারী মোতালেব তার বোনের প্রাক্তন স্বামী। তিনি আগেও জেল খেটেছে। জেলে থাকাকালীন গত বছরের ডিসেম্বর মাসে সবুজের বোন তাকে ডিভোর্স দেয়। পরে তার বোনের অন্য জনের সঙ্গে বিয়ে হয়। এসব জেনেও মোতালেব তার বোনের পিছু ছাড়ছে না। ছেলেকে অপহরণের পর পুলিশের দারস্ত হন সবুজ মিয়া।কাজিপুর থানার এসআই (নিরস্ত্র) রাফেল চাম্বুগং জানান, অভিযোগ পেয়ে গত ১০ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বেলকুটি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোতালেব প্রামানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মোতালেবকে মঙ্গলবার (১১ আগস্ট) আলাদতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।   এনএম/ধ্রুবকন্ঠ

প্রাক্তন স্ত্রীকে ফিরে পেতে ১০ বছরের শিশুকে অপহরণ