ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় সাগরে ছিটকে পড়ে পর্যটকের প্রাণহানি

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে প্রাণ গেল অক্ষর সৌভিক রায় (৩১) নামের এক পর্যটকের।আজ শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন তারা। দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।‘শৌভিকের সঙ্গে বেড়াতে আসা একজন যুবক বলেন, ‘প্যারাসেইলিং থেকে যখন শৌভিক সমুদ্রের পানিতে ছিটকে পড়ছিলেন, তখন উদ্ধারের কোনো ব্যবস্থা ছিল না। দরিয়ানগরে কোনো লাইফগার্ড চোখে পড়েনি। একটি স্পিডবোট তখন শৌভিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে সব শেষ।’জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।‘এদিকে স্থানীয়দের দাবি, দরিয়ানগর এলাকায় মো. ফরিদের মালিকানাধীন ওই প্যারাসেইলিংয়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়।   এনএম/ধ্রুবকন্ঠ

কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় সাগরে ছিটকে পড়ে পর্যটকের প্রাণহানি