ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে এবং দেশের মানুষের ভোটাধিকার মুক্ত হয়েছে’।আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ আর আর এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।ড. আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আজ সেই পরিবর্তনের পথে হাঁটার সাহস ও প্রস্তুতি মানুষের মধ্যে দৃশ্যমান। ধানের শীষই এখন সাধারণ মানুষের আশা ও আস্থার প্রতীক।তিনি দাবি করেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি শুরু থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।কালিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হুসেন আরমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু ও কালিগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  এনএম/ধ্রুবকন্ঠ

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক : মঈন খান