ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণ পর্যটক গাইড বহিষ্কার করল প্রশাসন

পর্যটননির্ভর বান্দরবানের থানচিতে পর্যটক গাইডদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও প্রশাসনের নির্দেশনা অমান্যের ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে উপজেলা প্রশাসন। গত ২ আগস্ট থেকে ১০ আগস্ট—মাত্র নয় দিনের ব্যবধানে তিনজন পর্যটক গাইডকে বহিষ্কার করা হয়েছে।সর্বশেষ আজ ১০ আগস্ট উপজেলা প্রশাসনের এক অফিস আদেশে একজন নিবন্ধিত পর্যটক গাইডকে বহিষ্কার করা হয়। এর আগে ২ আগস্ট একজন এবং ৬ আগস্ট আরও একজন গাইডকে বহিষ্কার করা হয়েছিল। ফলে চলতি মাসে এ পর্যন্ত মোট তিনজন পর্যটক গাইড বহিষ্কারের মুখে পড়লেন।সর্বশেষ বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, থানচি উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত পর্যটক গাইড সাশৈথোয়াই মারমা, পিতা—চাই অং প্রু মারমা, সাং—ওয়েলাওয়াও পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, থানচি, বান্দরবান—প্রশাসনের নিয়ম অমান্য করে পর্যটকদের সঙ্গে অসদাচরণ করেন। গত ৮ আগস্ট পর্যটন তথ্যসেবা কেন্দ্রের সামনে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল স্বাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট গাইডকে পর্যটক গাইড হিসেবে বহিষ্কারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও পর্যটনসংশ্লিষ্ট দপ্তর এবং সংগঠনগুলোকে অবহিত করা হয়েছে।পর্যটনশিল্পে শৃঙ্খলার বার্তাথানচির পাহাড়, ঝরনা, খুম, নদী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। পর্যটকদের নিরাপত্তা, সঠিক দিকনির্দেশনা ও সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে স্থানীয় পর্যটক গাইডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তবে গাইডদের কেউ যদি প্রশাসনের নির্ধারিত নিয়ম না মানেন কিংবা পর্যটকদের সঙ্গে অসদাচরণ করেন, তাহলে তা শুধু ব্যক্তিগত আচরণের বিষয় থাকে না—এর প্রভাব পড়ে পুরো থানচির পর্যটন খাতের ওপর। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বহিষ্কারের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সেই বার্তাই স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তিন বহিষ্কারে আলোচনায় গাইড ব্যবস্থাপনামাত্র কয়েক দিনের ব্যবধানে তিনজন গাইড বহিষ্কারের ঘটনায় স্থানীয় পর্যটনসংশ্লিষ্টদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। গাইডদের আচরণবিধি, পর্যটকদের সঙ্গে ব্যবহার, প্রশাসনের নির্দেশনা পালন এবং দায়িত্বশীলতার বিষয়গুলো আরও কঠোরভাবে তদারকির দাবি উঠেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ- আর- ফয়সাল বলেন, থানচির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব করতে হলে নিবন্ধিত গাইডদের নিয়মিত প্রশিক্ষণ, আচরণবিধি সম্পর্কে সচেতনতা এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা—এই তিনটি বিষয় নিশ্চিত করা জরুরি।প্রশাসনের ধারাবাহিক এই পদক্ষেপে একদিকে যেমন নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোরতার বার্তা যাচ্ছে, অন্যদিকে দায়িত্বশীল ও পেশাদার পর্যটক গাইড ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।   এনএম/ধ্রুবকন্ঠ

থানচিতে পর্যটকদের সঙ্গে অসদাচরণ পর্যটক গাইড বহিষ্কার করল প্রশাসন