ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। যারা এখনই জাতির সঙ্গে ফ্যাসিবাদের আচরণ করছে, তাদের দিয়ে কি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়াতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদের বেঁচে নিতে হবে। এই সাহস আল্লাহর মেহেরবানিতে জামায়াত ইসলামীর আছে।‘আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় লাকসাম স্টেডিয়ামে লাকসাম উপজেলা জামায়ত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‘দফায় দফায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী, পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামায়াত কারো কাছে মাথা নত করে নাই। কারো দয়া অনুকম্পা কামনা করে নাই। হাজার হাজার কর্মী, সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই। দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকব।‘তিনি আরও বলেন, ‘এদেশ আমাদের ঠিকানা। আমাদের কোনো মামা-খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বর বাংলাদেশ। শুধু কি তাই, হাঁসিকাশি হলেই ওই নেতারা দেশে ছেড়ে অন্যদেশে চলে যায়, চিকিৎসার জন্য। দেশে প্রতি কোনো আস্থা নাই। অথচ তারাই কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছেন। তো সেই জায়গাটা গড়লে না কেন?’ বিএনপির ফ্যামেলি কার্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ঘরে ঘরে কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামেলি কার্ড, তাই না? কোনো জায়গায় তার মূল্য ২ হাজার, কোনো জায়গায় ৭ হাজার, কোনো জায়গায় ২০ হাজার। আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ লাখ দিব, আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ কোটি দিব। তিনি আরও বলেন, এই ফ্যামেলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না কি চমৎকার? এক হাতে ফ্যামেলি কার্ড আরেক হাতে মায়ের গায়ে হাত। আহ্, বাংলাদেরশের মানুষকে এতো বোকা মনে করছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। আমরা এই অনিরাপদ বাংলাদেশ আর দেখতে চাই না। একটা নিরাপত্তার বাংলাদেশ চাই।    এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, কুমিল্লা-১০ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারীসহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিত ছিলেন।    এনএম/ ধ্রুবকন্ঠ

নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে : জামায়াত আমির