ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে তারেক রহমান এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে তার। এর আগে দুপুরে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।  এমএইছ/ধ্রুবকন্ঠ

শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান