ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাবির বিভাগের চেয়ারম্যান পদ থেকে সাবেক প্রক্টর অপসারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।আজ সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সিদ্ধান্তের অনুমোদন করেন।প্রশাসনিক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে কলা অনুষদের ডিনকে।ঢাকার সিএমএম আদালতে অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলমান রয়েছে—এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসায় বিশ্ববিদ্যালয় আইনি মতামত নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে রবিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর বিভাগীয় পদ থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।  এনএম/ধ্রুবকন্ঠ

ঢাবির বিভাগের চেয়ারম্যান পদ থেকে সাবেক প্রক্টর অপসারণ