ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এলাকায় ডিএনসিসির একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এই হামলার ঘটনা ঘটে।ডিএনসিসির দাবি, হামলায় চারজন গুরুতরসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।হামলার ঘটনায় পুলিশ নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধিসহ তিনজনকে আটক করেছে।ঘটনার খবর পেয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা যায়, শনিবার সকালে রাজাবাড়ী এলাকার এসটিএসটিতে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় নেপচুন অ্যাক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজনের বাগ্বিতণ্ডা হয়।এক পর্যায়ে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন রক্তাক্তসহ অন্তত ২০ জন কর্মী আহত হন।ঘটনার পর পুলিশ, ডিএনসিসি প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।এদিকে হামলায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পরিচ্ছন্নতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেন।পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার বিষয়ে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘সেবামূলক কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর এই ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এনএম/ধ্রুবকন্ঠ