ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিনারের স্বপ্ন ভেঙে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের পথে জোকোভিচ

ইয়ানিক সিনারকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। তারুণ্যের কাছে এবার আর হার মানলেন না সার্বিয়ান কিংবদন্তি এই টেনিস তারকা। মেলবোর্নে খেলতে নেমে যেন নিজের সোনালি সময়ের রূপালী ছোঁয়া আবারও দেখালেন তিনি।২৪ বছর বয়সী ইয়ানিক সিনার বড় চ্যালেঞ্জ হয়ে সামনে দাঁড়ালেও শেষ পর্যন্ত নোভাক জোকোভিচের পথ রোধ করতে পারেননি। অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা ও কোর্টে উপস্থিত বুদ্ধির জোরে গুরুত্বপূর্ণ ম্যাচটি নিজের করে নেন জোকোভিচ।অস্ট্রেলিয়া ওপেনের মহাকাব্যিক সেমিফাইনালে আগের দুই আসরের চ্যাম্পিয়নকে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেলেন জোকোভিচ। এই জয়ের মধ্য দিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, বড় মঞ্চে এখনও তিনি অপ্রতিরোধ্য।চার ঘণ্টা ১০ মিনিটের রোমাঞ্চকর এই লড়াই জিতে ইতিহাসেও নাম লেখালেন জোকোভিচ। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছানোর রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী জোকোভিচ। মেলবোর্নে ১১তম শিরোপা আর রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম থেকে মাত্র এক জয়ের দূরত্বে আছেন তিনি। বর্তমান সময়ের দুই সেরার একজনকে হারানোর পর এবার শিরোপার মঞ্চে জোকোভিচের সামনে কার্লোস আলকারাজ।প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে জয়। তারপর তৃতীয় সেটে আবারও পিছিয়ে যাওয়ার পর, ২০২৫ সালে চারটি মেজরেই সেমিফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা যে হাল ছাড়ার পাত্র নন। চার ঘণ্টা নয় মিনিটের চোয়ালবদ্ধ লড়াইয়ে তিনি ১৮টি ব্রেক পয়েন্টের মধ্যে ১৬টি বাঁচালেন। মোট আটটি ব্রেক পয়েন্ট বাঁচালেন, যার মধ্যে ছিল ৪-৩ এ ০/৪০ থেকে তিনটি। সপ্তম গেমে মূল ব্রেকপয়েন্ট বের করে তিনি নিজের জাদু দেখালেন।প্রথম দুই ম্যাচ পয়েন্টে জকোভিচ জেতেননি, সিনার ব্যাকহ্যান্ডের চেষ্টা ডিউসে নিয়ে এসেছে। তবে তৃতীয়বারেই ৩৮ বছর বয়সী খেলোয়াড় জয় নিশ্চিত করে হাঁটু গেড়ে বসলেন। রড লেভার অ্যারেনার আলোয় বয়সকে সংখ্যা বানিয়ে শেষ পর্যন্ত ১৪ বছর কম বয়সী সিনারকে থামিয়ে দিলেন।কয়েক বছর ধরেই বয়স আর চোট যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে জোকোভিচকে। তবু সিনারের বিপক্ষে আজ দুর্দম্য লড়াই প্রমাণ করে দিল, তাঁর ভেতরে এখনও ফুরিয়ে যায়নি লড়াইয়ের রসদ। ২০২৩ সালের ইউএস ওপেনের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি।এ সময়টায় পুরুষ টেনিসে আধিপত্য গড়ে তুলেছেন আলকারাজ ও সিনার। ২৪টি শিরোপা নিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করা জোকোভিচ ২৫ নম্বর শিরোপাটা আর কখনো জিততে পারবেন কি না, এ নিয়ে কৌতূহল অনেকের। ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনারের কাছেই তো টানা পাঁচ ম্যাচ হেরে আজকের সেমিফাইনাল খেলতে নেমেছিলেন। এর মধ্যে তিনটিই আবার গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে—২০২৪ অস্ট্রেলিয়ান ওপেন, ২০২৫ ফ্রেঞ্চ ওপেন ও ২০২৫ উইম্বলডন।২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের পর  জোকোভিচের প্রথম পাঁচ সেটের ম্যাচ এটি। ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকে জকোভিচ কোনো মেজর ট্রফি জিততে পারেননি।  মাঝে শুধু দুই তরুণ সিনার-আলকারাজকে ট্রফি তুলে ধরতে দেখেছেন। এবার সেই ধারায় ছেদ ঘটিয়ে কিংবদন্তি জোকোভিচকে হাতছানি দিচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার।অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেনে কোনো সেট না হেরে ফাইনালে উঠেছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে ফাইনালে এসে আবারও স্বপ্নভঙ্গ হলো বেলারুশ তারকার। গত বছর ম্যাডিসন কিজের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল সাবালেঙ্কার। এবার হারলেন এরেনা রাইবাকিনার কাছে।মেলবোর্নে আজ নারী এককের ফাইনালে বিশ্বের এক নম্বর বাছাই সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে হারিয়ে দ্বিতীয় গ্রান্ডস্ল্যাম শিরোপা জিতলেন রাইবাকিনা। এর আগে ২০২২ উইম্বলডনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেন তিনি।ম্যাচের প্রথম সার্ভেই ব্রেক পয়েন্ট আদায় করেন রাইবাকিনা। শেষ পর্যন্ত সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেনে তিনি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ব্রেক পয়েন্ট জিতে নিয়ে ৬-৪ ব্যবধানে জেতেন সেট। তৃতীয় সেটে ব্রেক পয়েন্ট জিতে ৩-০ তে এগিয়ে যান সাবালেঙ্কা। তবে এরপরই ঘুরে দাড়িয়ে ব্যাবধান ৩-৩ করেন রাইবাকিনা। এরপর আরেকটি ব্রেক পয়েন্ট জিতে শেষ পর্যন্ত ৬-৪ ব্যাবধানে তৃতীয় সেট জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের করেন রাইবাকিনা। এমএইছ/ধ্রুবকন্ঠ   

সিনারের স্বপ্ন ভেঙে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের পথে জোকোভিচ