ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জিন্নাহ কবির

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির ধানের শীষের প্রতীক পেয়েই তার নির্বাচনী এলাকার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মানিকগঞ্জ-১ সংসদীয় আসন শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় নির্বাচিত হলে এই অঞ্চলে তিনি নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা রিটার্নি অফিসার ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জিন্নাহ কবির।জিন্নাহ কবির বলেন, ‘ঢাকার নিকটবর্তী জেলা হলেও মানিকগঞ্জের এ জনপদে উন্নয়নের মধ্যে উল্লেখযোগ্য কিছুই হয়নি। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে পদ্মা-যমুনার ভাঙন রোধ করে চরাঞ্চলগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা। বিগত দিনে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যেমন রাজপথে ছিলাম, তেমনি এখন আমার কাজ হবে নির্বাচনী এলাকার তিনটি উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উন্নয়নের পরিকল্পনা রয়েছে আমার।’তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন সবাই উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে বিপ্লবী নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।’ দেশকে এগিয়ে নিতে শুধু নিজ আসন নয়, মানিকগঞ্জের তিনটি আসনেই ধানের শীষের প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন তিনি। ‎ এনএম/ধ্রুবকন্ঠ

প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জিন্নাহ কবির