ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১০ লাখ টাকা চাঁদার দাবিতে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

যশোর শহরের বেজপাড়া এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সোমা সাহা (৩৮) নামের এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাসার সামনেই হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সোমা সাহা শহরের বেজপাড়া বনানী রোড এলাকার অখিল কুমার বিশ্বাসের স্ত্রী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা সুনীল ব্যানার্জির ছেলে গৌতম ব্যানার্জি (৫৫) বেশ কিছুদিন ধরে সোমা সাহার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আজ বিকেলে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালে গৌতম আবারও সেই টাকা দাবি করেন। সোমা সাহা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে গৌতম একটি কাঠের লাঠি দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গৃহবধূর মাথায় আঘাতজনিত গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গৌতম ব্যানার্জির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। রিপোর্টটি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।   এনএম/ধ্রুবকন্ঠ

১০ লাখ টাকা চাঁদার দাবিতে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন