ভোলার চরফ্যাশন উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. লাবিব মাহমুদ খান (১৫) নামের একজন নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত লাবিব চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে চরফ্যাশন পৌর শহরের ডাকবাংলোর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিদ্যালয় মাঠে ষষ্ঠ ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠে খেলা চালাকালীন কয়েকজন শিক্ষার্থী পাশের ডাকবাংলোর পুকুরে গোসল করতে যায়। এ সময় লাবিবও তাদের সঙ্গে পানিতে নামে।একপর্যায়ে পুকুরের মধ্যে তাকে আর খুঁজে না পেয়ে সহপাঠীরা বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগমকে জানায়। পরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে পুকুর থেকে লাবিবকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই লাবিবের মৃত্যু হয়েছিল।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বলেন, ‘লাবিব আমাদের নবম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। একটি সম্ভাবনাময় জীবনের এমন অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘ এনএম/ধ্রুবকন্ঠ