পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবাইরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যসচিব ও এটিএন নিউজের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, চ্যানেল ওয়ানের প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, আগামীর সময়ের প্রতিনিধি তামজিদ হাসান, সমকালের প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকারকর্মী রুকাইয়া আক্তার রুপা।বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।ভুক্তভোগী সাংবাদিক মুহাম্মদ জুবাইর অভিযোগ করেন, বুধবার উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে গেলে কয়েকজন তাকে জোর করে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। হামলায় আহত জুবাইর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনএম/ধ্রুবকন্ঠ