ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাঙ্গুয়ার হাওরে নিয়ম ভেঙে ৮ ইঞ্জিনের নৌকাকে জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) টাঙ্গুয়ার হাওরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি মামলায় মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে নৌকাগুলোর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি মামলায় জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক ও হাউজবোটের যাত্রীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  এনএম/ধ্রুবকন্ঠ

টাঙ্গুয়ার হাওরে নিয়ম ভেঙে ৮ ইঞ্জিনের নৌকাকে জরিমানা