জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী আগামী ২০ মার্চ শুক্রবার মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের এ তথ্য জানিয়েছেন। খবর বাহরাইনের গণমাধ্যম ডেইলি নিউজ অব বাহরাইনের। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো ১৮ মার্চ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।ড. নাসের জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকবে না। এ কারণে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল। রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। গত ৩ মার্চ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের মাত্র অর্ধ ডিগ্রি ওপরে অবস্থান করছিল। ড. নাসের জানান, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট। তিনি আরও বলেন, এ বছর রমজান এমন এক সময়ে পড়েছে যখন আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয় থাকে। সাধারণত প্রায় ১২ বছরের চন্দ্রচক্রে এই সময়টিকে সবচেয়ে নাতিশীতোষ্ণ ধরা হয়। ফেব্রুয়ারি ও মার্চের মৃদু আবহাওয়ার কারণে রোজা পালন তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এনএম/ধ্রুবকন্ঠ