ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৮০

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে এ উপসর্গ নিয়ে নতুন করে ৮০ জন রোগী ভর্তি হয়েছে।এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে।মারা যাওয়া শিশুটির নাম জায়ান। তার বয়স ৩ মাস ১৯ দিন। সে দক্ষিণ সুনামগঞ্জের পাতারিয়া গ্রামের শামিম মিয়ার ছেলে। জায়ান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।আজ রবিবার (২ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্চ থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।তাঁদের মধ্যে ১১৩ জনই শিশু। এ ছাড়া ছয়জনের মৃত্যুর কারণ হামজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।হামের উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৪৯ জন রয়েছে।স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরো বলা হয়, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫১ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ২২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে।এ ছাড়া নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন রোগী ভর্তি হয়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৮০