ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মির্জা ফখরুলকে হাঁসের ডিম, মাটির ব্যাংক উপহার দিলেন এক নারী ভোটার

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনি প্রচারণার সময় ব্যতিক্রমী ও প্রতীকী উপহার দিয়েছেন ভোটাররা। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় এক নারী ভোটার তার নিজের হাঁসের ডিম উপহার দেন। একই সময় আরেক নারী ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো একটি মাটির ব্যাংক তার হাতে তুলে দেন। এ সময় কয়েকজন সমর্থক তাকে টাকার মালা পরিয়ে দেন। ঘটনাগুলো উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম উপহার দেওয়া সুচরীতা বলেন, “এই ডিমগুলো আমার নিজের হাঁসের। স্যার যেন ভালো থাকেন, সুস্থ থাকেন- এই দোয়া আর ভালোবাসা থেকেই ডিমগুলো উপহার দিয়েছি।”অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাটির ব্যাংক উপহার দেওয়া গীতা রানী বলেন, “আমি অনেকদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছি। আজ স্যারের হাতে ব্যাংকটা তুলে দিয়ে খুব ভালো লাগছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই।”সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে সুচরীতা সামনে এগিয়ে এসে ডিমের একটি ব্যাগ তুলে দেন। কিছু সময় পর গীতা রানী তার মাটির ব্যাংকটি উপহার দেন। একই সময় কয়েকজন সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টাকার মালা পরিয়ে দেন। এ সময় আশপাশে থাকা মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়।স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভোটারদের এমন প্রতীকী ও ব্যতিক্রমী যোগাযোগ নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে এ ধরনের অনন্য উপহার ও প্রতিক্রিয়া দেখা গেছে। তারা মনে করেন, এসব ঘটনা নির্বাচনি প্রচারণার পরিবেশকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ও ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন ঘটায়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় ঠাকুরগাঁওকে বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি বলা হয়। স্থানীয় রাজনীতিতে তাঁর পরিবারের দীর্ঘদিনের শেকড় বিএনপিকে এখানে শক্ত অবস্থানে রেখেছে। তৃণমূলের নেতাকর্মীরা মহাসচিবের জেলা হিসেবে এখানে জানপ্রাণ দিয়ে মাঠে থাকে।এছাড়াও আজ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া নারীদের কিস্তির ঋণের দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও..১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, আমাদের দরকার এমন সরকার যার অভিজ্ঞতা আছে এবং আমানতের খেয়ানত করে না।মির্জা ফখরুল তার নিজ প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে তিনি বলেন, এবার আওয়ামী লীগ নেই, নৌকা মার্কা নেই—এবার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা অনেক আগে থেকে রাজনীতি করে আসছে, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়।১৯৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে বিদ্যুতের তারসহ সবকিছু পাকিস্তানিরা খুলে নিয়ে গিয়েছিল। বহু মানুষ হত্যা করা হয়েছে, মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে। যারা বাংলাদেশকে মানতে চায়নি, শুধু বাংলাদেশ নয়—পাকিস্তান ও চায়নি—তাদের কী করে ভোট দেব? এমএইছ/ধ্রুবকন্ঠ   

মির্জা ফখরুলকে হাঁসের ডিম, মাটির ব্যাংক উপহার দিলেন এক নারী ভোটার