ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টায়ার পুড়িয়ে দাবি বাতিল, একই স্থানে পথসভা বিএনপির প্রার্থীর

জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। মনোনয়ন বিতর্কের উত্তেজনার মধ্যেই আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে দলীয় ঐক্য প্রদর্শনের লক্ষ্যে কালাই বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করেন দলটির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী।আগে গতকাল রবিবার একই স্থানে বিক্ষোভ মিছিলের পর টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানায় মনোনয়নপ্রত্যাশী সাবেক সাংসদ প্রকৌশলী গোলাম মোস্তফার সমর্থকরা।সূত্র জানা যায়, আজকের এই পথসভা ছিল মূলত অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দলীয় ঐক্য প্রদর্শনের এক মঞ্চ।কালাই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আব্দুল বারী।আব্দুল বারী বলেন, ‘মনোনয়ন না পেয়ে গোলাম মোস্তফা ভাড়াটে লোক দিয়ে এলাকার শান্ত পরিস্থিতিকে নষ্ট করছেন। যারা এসব অশান্তি সৃষ্টি করছে তারা বিএনপির মূলধারার কেউ নয়। বিএনপি সবসময় কেন্দ্রীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ মর্যাদা দেয় এবং প্রকৃত কর্মীরা কখনোই দলের হাইকমান্ডের বাইরে কোনো সিদ্ধান্ত নেন না। আজকের পথসভায় যে জনসমাগম হয়েছে, তা প্রমাণ করে জয়পুরহাট-২ আসনের তৃণমূল বিএনপি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ।’সেখানে উপস্থিত বক্তারা বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু সুবিধাভোগী ব্যক্তি এলাকায় অস্থিরতা ছড়াতে চাইছেন, যা সাধারণ জনগণ ও প্রকৃত নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। তারা বলেন, জয়পুরহাট-২ আসনে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই।পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হাসান মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুশফিকুর আলম বুলু, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।  এমএম/ধ্রুবকন্ঠ

টায়ার পুড়িয়ে দাবি বাতিল, একই স্থানে পথসভা বিএনপির প্রার্থীর