পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি
জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ
ব্যয় হ্রাস ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে
বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক ও তার অনুসারী নেতাকর্মী।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য বরাবর এ দাবিতে স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রোমেল
হোসেন। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ভবনগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের
উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।স্মারকলিপিতে বলা হয়, বর্তমান
জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুৎ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ভবনগুলোর ছাদে
সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনা
সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্য হারে কমার পাশাপাশি প্রচলিত
বিদ্যুতের ওপর নির্ভরতা হ্রাস পাবে।স্মারকলিপিতে আরও বলা হয়,
এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে আধুনিক, জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে
রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি
ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও ইতিবাচক প্রভাব ফেলবে।এ লক্ষ্যে স্মারকলিপিতে পাঁচটি
দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ভবনগুলোর ছাদে
সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা পরিচালনা, প্রকল্পের সম্ভাব্য
ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নিরূপণ, প্রাথমিকভাবে এক বা একাধিক ভবনে পরীক্ষামূলকভাবে
সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়নের
জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও সময়সীমা নির্ধারণ এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকর ব্যবহার
ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।স্মারক লিপি প্রদানের সময় আরও
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী রুহুল আমিন, ইমরান, মোঃ আনম সিয়াম,
স্বপ্নীল পোদ্দার, রোহান, তানজিদ সিয়াম, রিমন।
এনএম/ধ্রুবকন্ঠ