যেন ঝোপ বুঝে কোপ মারলেন নেইমার। কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে মাঠে নামার আগে অনুশীলনের সময় তাকে দুয়ো দিচ্ছিলেন রেমোর সমর্থকরা।এস্তাদিও এস্তাডুয়াল জর্নালিস্তা এডগার অগাস্টো প্রোয়েনসা স্টেডিয়ামে নেইমারকে উদ্দেশ করে তারা চিৎকার করছিলেন, ‘জাহান্নামে যাও নেইমার।’ প্রতিউত্তরে কিছু বলেননি নেইমার। শুধু দুহাত নেড়ে সে সময়ের কাজটা সারেন। যেন অপেক্ষায় ছিলেন সুযোগটা আসলেই জবাব দেবেন।সেটা পেলেনও। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সান্তোসের ১-০ গোলের জয়ে অ্যাসিস্ট করে। তবে ৭৪ মিনিটে রুনির গোলে সহায়তা করেও জবাবটা দেননি ব্রাজিলিয়ান তারকা। যেন অপেক্ষা করছিলেন ম্যাচ শেষ হওয়ার।রেফারির শেষ বাঁশি বাজতেই জবাব দিলেন নেইমার। মাঠ থেকে বের হওয়ার সময় রেমোর দর্শক-সমর্থকদের কিছু একটা শোনালেন। তাতে পুরো গ্যালারি উত্তপ্ত হয়ে ওঠে। সেই উত্তাপ বেশি ছড়ায় মিক্সড জোনে। মিক্সড জোনে দর্শক-সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করেন রেমোর কর্মকর্তারা।সঙ্গে হাতের আঙুলের মধ্যমা দেখাতে থাকেন তারা। জবাবে নেইমার দুই হাত ওপরে তুলে নাচতে নাচতে বলতে থাকেন, ‘তোমাদের বিদায় হয়েছে, বিদায় হয়েছে।’ এতে ক্ষিপ্ত হয়ে ব্যারিকেড সরিয়ে আসার চেষ্টা করছিলেন রেমোর অনেকে। পরে গাড়িতে করে মাঠ ছাড়ার সময়ও নেইমারের কার ঘিরে ধরেন রেমোর ক্ষুব্ধ দর্শক-সমর্থকরা। এর আগে আজকের জয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস। ব্যবধানটা অবশ্য ১-০ না হয়ে ২-০ হতে পারত। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলরক্ষককে একা পেয়েই তার মাথার ওপর দিয়ে বাইরে বল পাঠিয়ে দেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। এনএম/ধ্রুবকন্ঠ