ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। এ সময় জাতীয় পার্টির নিবন্ধনও বাতিলের দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী ও রাজনৈতিক বৈধতা প্রদানকারী দল হিসাবে পরিচিত জাতীয় পার্টিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এই সিদ্ধান্ত সংবিধানের মৌলিক চেতনা, অবাধ-সুষ্ঠু নির্বাচনের নীতি এবং ইসির সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।স্মারকলিপিতে আরও বলা হয়, ২০১৪ সালের তথাকথিত একতরফা ও বিনাভোটের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ক্ষমতা দখল ও টিকিয়ে রাখার প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীর ভূমিকা পালন করে। ২০১৮ সালের ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও ভোটাধিকার হরণকারী নির্বাচনের পর তারা তথাকথিত বিরোধী দল সেজে সংসদে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে কৃত্রিম রাজনৈতিক বৈধতা দেয়। সর্বশেষ ২০২৪ সালের তথাকথিত ডামি নির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যা জনগণের ভোটাধিকার হরণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার বৈধতা ও সহযোগিতা করেছে জাতীয় পার্টি। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু একই অপরাধীদের সহযোগী হওয়ার পরও জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এমএইছ / ধ্রুবকন্ঠ