উখিয়ায় গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ৪০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের
উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব
কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায়
এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আটক
ব্যক্তি হলেন শহিদুল ইসলাম বাবু (২২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী
ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।বিজিবি
সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে) সকালে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপি’র
একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত
পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী উলুবনিয়া পশ্চিম পাড়া এলাকায় একটি অটোরিকশার গতিবিধি
সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশির
একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা চারটি
কার্টন উদ্ধার করা হয়। পরে কার্টনগুলো খুলে তাতে থাকা মোট ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট
জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই শহিদুল ইসলাম বাবুকে আটক করা হয়।বিজিবি
জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে
মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক
বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এ
বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার
রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা
হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আটক
ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তরের
প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ