বরিশালের বেশ কিছু এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। বুধবার (২৭ মে) জেলা সদর ও বরিশাল নগরীর কয়েকটি এলাকাসহ ছয়টি উপজেলার অন্তত ২০টি গ্রামে এই ঈদ উদযাপন করা হয়।এসব গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করে আসছেন।সকালেই এসব এলাকার প্রায় ১০ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। বরিশাল সিটি করপোরেশন এলাকার তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বন্দর থানার সাহেবের হাটে দুটি, বাবুগঞ্জ উপজেলায় চারটি, হিজলায় দুটি, মেহেন্দিগঞ্জে দুটি এবং বাকেরগঞ্জে একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে এসব অনুসারীদের প্রায় ৭৫টি মসজিদ রয়েছে।সকাল ৮টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি সম্পন্ন করা হয়।