১৩ দিন পর কারাভোগের পর মুক্ত নারী ক্রীড়াবিদ
মেয়েদের জন্য একটি তায়কোয়ান্দো জিম পরিচালনা করার অভিযোগে আটক ২২ বছর বয়সী এক আফগান নারী ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বলে তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।মুক্তি পাওয়া খাদিজা আহমাদজাদাকে ‘নারীদের ক্রীড়া জিম সংক্রান্ত বিধি লঙ্ঘন’-এর অভিযোগে আটক করা হয়েছিল বলে তালেবানের ‘ভাইস অ্যান্ড ভার্চু’ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান। তার বিরুদ্ধে ‘যথাযথ হিজাব না পরা’, ‘সঙ্গীত বাজানো’ এবং জিমে নারী-পুরুষের মেলামেশার সুযোগ দেওয়ার অভিযোগ আনা হয়। এসব অভিযোগে তাকে ১৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মুখপাত্র জানান, এর আগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টে পাঠানো হয়, যা বৃহস্পতিবার ২২ জানুয়ারি তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। বর্তমানে তিনি কোথায় আছেন, তা স্পষ্ট নয়।২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পরপরই নারীদের জন্য সব ধরনের ক্রীড়া ক্লাব বন্ধ করে দেওয়া হয়। তখন বলা হয়েছিল, তালেবানের কঠোর ইসলামী আইনের ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন ‘নিরাপদ পরিবেশ’ নিশ্চিত হলে সেগুলো পুনরায় খোলা হবে।২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কোনো ক্রীড়া ক্লাব পুনরায় খোলা হয়নি এবং নারীরা এখনো প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারছেন না।এটি ২০২১ সালের পর থেকে তালেবান কর্তৃপক্ষ নারীদের ওপর আরোপ করা বহু বিধিনিষেধের একটি অংশ, যার ফলে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অধিকার সংকুচিত হয়েছে এবং পোশাকসংক্রান্ত কঠোর নিয়ম জারি করা হয়েছে।পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের কাছাকাছি বসবাসকারী আহমাদজাদাকে ‘ভাইস অ্যান্ড ভার্চু’ পরিদর্শকদের মাধ্যমে ‘লঙ্ঘন’ শনাক্ত হওয়ার পর আরো কয়েকজনের সঙ্গে আটক করা হয় বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান। এমএইছ/ধ্রুবকন্ঠ