ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাদিসে বর্ণিত শবেবরাতের বিশেষ ফজিলতের

শাবান মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে দেখা হয়। এই মাসের মধ্যে অর্ধ-শাবানের রাত বা চৌদ্দ শাবান দিবাগত রাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইসলামী হাদিসে এই রাতের ফজিলতের কথা বর্ণিত রয়েছে। এই রাত কেবল রোজার পূর্বপ্রস্তুতি নয়, বরং আত্মার উন্নতি ও আধ্যাত্মিক শান্তি লাভের একটি সুযোগ। শাবান মাস তাই শুধু রমজানের অপেক্ষা নয়, বরং আধ্যাত্মিক প্রস্তুতির মাস হিসেবেও গুরুত্বপূর্ণ। এ রাতের বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে।নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন―يَطَّلِعُ اللهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ.অর্থ: আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন; অতঃপর তিনি তার সব সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষপোষণকারী ব্যতীত (এই দুই শ্রেণিকে ক্ষমা করেন না)। (সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৬৬৫; শুআবুল ঈমান, বাইহাকী ৩/৩৮২, হাদীস ৩৮৩৩)قال البيهقي: وقد روينا هذا من أوجه، وفي ذلك دلالة على أن للحديث أصلا من حديث مكحول.এই হাদীসটি নির্ভরযোগ্য ও আমলযোগ্য। ইমাম ইবনে হিব্বান, ইমাম যাকীউদ্দীন মুনযিরী, যাইনুদ্দীন ইরাকী প্রমুখ হাদীস বিশারদ ইমামগণ হাদীসটিকে নির্ভরযোগ্য বলে মতামত দান করেছেন। (দ্র. সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৬৬৫; আততারগীব ওয়াত তারহীব ২/১১৮; শরহুল মাওয়াহেব ৭/৪১২)এই হাদীসের ভাষ্য অনুযায়ী অর্ধ-শাবানের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয়। কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয়।কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে করণীয় হল, সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যেন আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়।এ হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগ থেকেই গুনাহ মুক্তির রাত হিসেবে এ রাতকে শবে বরাত তথা ‘মুক্তির রজনী’ নামে অভিহিত করা হয়। কাজেই এ রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কাম্য।পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করাও কর্তব্য।আলা ইবনুল হারিস (রহ.) থেকে বর্ণিত, আয়েশা (রা.) বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে, আমার ধারণা হল, তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তাঁর বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, আমাকে লক্ষ করে বললেন, হে আয়েশা অথবা বলেছেন, হে হুমাইরা, তোমার কি এই আশঙ্কা যে, আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না, ইয়া রাসুলাল্লাহ।আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কি না। নবীজী জিজ্ঞেস করলেন, তুমি কি জানো, এটা কোন্ রাত? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন―এটা হল অর্ধ-শাবানের রাত (শাবানের চৌদ্দ তারিখের দিনগত রাত)। আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষপোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। (শুআবুল ঈমান, বাইহাকী ৩/৩৮২-৩৮৬) উৎস: মাসিক আলকাউসার,(ফেব্রুয়ারি ২০২৪)শবেবরাত : আল্লাহর দিকে ফিরে আসার এক অনন্য সুযোগআমাদের দেশে ধর্মীয় গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে ‘শবেবরাত’ হচ্ছে অন্যতম। নামটি মূলত ফারসি শব্দ থেকে এসেছে; এখানে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা নাজাত, তাই এর অর্থ দাঁড়ায় ‘মুক্তির রাত’। ইসলামী শিক্ষায় এই রাতকে পবিত্র হাদিসে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা অর্ধ শাবানের রাত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা চৌদ্দ শাবান দিবাগত রাতে পালিত হয়। যদিও কোরআনে সরাসরি এই রাতের উল্লেখ নেই, তবুও হাদিসে একাধিকবার এর ফজিলত বর্ণিত হয়েছে। আমার কাছে শবেবরাত কেবল একটি রাত নয়, বরং আত্মিক প্রস্তুতি ও আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ। এই রাতে ইবাদত, দোয়া ও কোরআন পাঠের মাধ্যমে নিজের আত্মাকে উন্নত করার চেষ্টা করা হয়। আমি নিজেও চেষ্টা করি, এই রাতকে শুধুই আনুষ্ঠানিক হিসেবে না দেখে, অন্তরের প্রশান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে।বিখ্যাত সাহাবি মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এই রাতে তাঁর সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। (ইবনে মাজাহ, হাদিস: ১৩৯০) হাদিসবিশারদদের মতে, এই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ।সালাফদের দৃষ্টিতে এই রাতের মর্যাদা পূর্ববর্তী মুসলিম মনীষী বা সালাফদের কাছেও এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইবনে উমর (রা.)-এর মতে, পাঁচটি রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, যার মধ্যে শাবানের ১৪ তারিখের রাত অন্যতম। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক)খলিফা উমর ইবনে আবদুল আজিজ (রহ.) এবং ইমাম শাফেয়ি (রহ.)-ও এই রাতে দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ করেছেন এবং একে মুস্তাহাব আমল হিসেবে গণ্য করেছেন। (আত-তালখিসুল হাবির, ইবনে হাজার : ২/১৯১, আল-ইতিবার, পৃষ্ঠা-১৪৩)শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.)-এর মতে, এই রাতের ফজিলত অনস্বীকার্য এবং অনেক সালাফ এই রাতে বিশেষ ইবাদত করতেন। তবে সম্মিলিত ইবাদত পরিহারযোগ্য। (আল ফাতওয়াল কুবরা, ইবনে তাইমাি : ১/১৩০১)আমল ও ইবাদতের পদ্ধতি : শবেবরাতের ইবাদত মূলত ব্যক্তিগত নফল ইবাদতের অন্তর্ভুক্ত।তাই এ নিয়ে খুব বাড়াবাড়ি বা একেবারে ছাড়াছাড়ি করা উচিত নয়। হাদিস ও সালাফদের বর্ণনা থেকে এই রাতের করণীয় কিছু আমল নিচে আলোচনা করা হলো—১. নফল নামাজ : নফল নামাজে দীর্ঘ কিরাত ও লম্বা সিজদা করা এই রাতের একটি বিশেষ আমল। আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে দেখা যায়, রাসুলুল্লাহ (সা.) এই রাতে এত দীর্ঘ সময় সিজদায় ছিলেন যে তিনি ইন্তেকাল করেছেন বলে ধারণা হয়েছিল। (শুআবুল ঈমান, হাদিস : ৩৫৫৪)২. তাওবা ও ইস্তিগফার : ইমাম ইবনে রজব (রহ.)-এর মতে, এই রাতে মুমিনের উচিত খাঁটি মনে তাওবা ও ক্ষমা প্রার্থনা করা। যেহেতু এই রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে বান্দাদের ক্ষমা করেন, তাই বেশি বেশি ইস্তিগফার করা জরুরি। ( লাতাইফুল মাআরিফ, পৃ: ১৫১-১৫৭)৩. কোরআন তিলাওয়াত ও জিকির : নফল নামাজের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারে মশগুল থাকা এই রাতের অন্যতম আমল হতে পারে। কেননা এগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। ৪. পরের দিন রোজা রাখা : আলী (রা.) থেকে বর্ণিত হাদিসে ১৫ শাবানের দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। (ইবনে মাজাহ, হাদিস : ১৩৮৮)যদিও এই হাদিসের সনদ কিছুটা দুর্বল, তবে ফজিলতপূর্ণ বিষয়ে এটি আমলযোগ্য। তা ছাড়া আইয়ামে বিজ (প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ) এবং শাবান মাসে বেশি রোজা রাখার সহিহ হাদিসের ভিত্তিতেও এই রোজা তাৎপর্যপূর্ণ। তবে উত্তম হলো ১৫ তারিখের সঙ্গে আগে বা পরে আরো একটি রোজা মিলিয়ে রাখা।৫. কবর জিয়ারত : সম্ভব হলে কবর জিয়ারতও করা যেতে পারে। কেননা আয়েশা (রা.) সূত্রে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায় যে এ রাতে মহানবী (সা.) জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। (বায়হাকি) তবে শায়খ আলবানি (রহ.)-এর মতে, এই হাদিসের সনদ দুর্বল।মহান আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সাধ্যমতো এই রাতের ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন।  এনএম/ধ্রুবকন্ঠ

হাদিসে বর্ণিত শবেবরাতের বিশেষ ফজিলতের