ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে অন্যান্য নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে তিনি শপথ নেন।মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাত্র ২৫ বছর বয়সে আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–২ (শিবগঞ্জ) আসন থেকে ৫০ হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এবার মন্ত্রিসভায় স্থান পেলেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ বগুড়াবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উল্লেখ্য করা যায়, ১৯৯১ সালের নির্বাচনের পর বগুড়া সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে বগুড়া জেলা থেকে আর কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ হয়নি।এর ফলে জেলার রাজনৈতিক অঙ্গনে মন্ত্রীত্ব না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ছিল বগুড়াবাসীর । দীর্ঘ এই সময় পর সেই আক্ষেপ ঘুচিয়ে আবারও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেল বগুড়া। স্থানীয় রাজনৈতিক মহলে এটি জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন অনেকেই।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সমবায় খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মীর শাহে আলম এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বগুড়াসহ উত্তরাঞ্চলে উন্নয়ন হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।বগুড়াবাসীর প্রত্যাশা, নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার অভিজ্ঞতা ও সততার মাধ্যমে বগুড়াসহ উত্তরাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি বিস্তার করবেন। এনএম/ধ্রুবকন্ঠ