সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ‘বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি’-পঞ্চগড় জেলা শাখার ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।কর্মচারীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে সারজিস বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদেরকে এই প্রজাতন্ত্রের সেবায় তাদের সর্বোচ্চটুকু চাই। তাদেরকে যদি আমরা সৎ, দায়িত্বশীলভাবে পেশাদারিত্বের সঙ্গে আমাদের সার্ভিসে চাই, তাদের যতটুক প্রাপ্য আমাদের তা নিশ্চিত করতে হবে’।সারজিস আলম আরও বলেন, ‘পে-স্কেল সংক্রান্ত যে যৌক্তিক দাবি, সেই দাবির সাথে আমরা একসাথে একাত্মতা ঘোষণা করছি’।সারজিস বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতার পরে যে ধরনের পে স্কেল ছিল, আজ ২৬ সালে দাঁড়িয়ে যে পে স্কেল এবং বেতন কাঠামো রয়েছে-তা দিয়ে বাংলাদেশের কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবন-যাপন করতে পারে না। সরকারি চাকরিজীবীদের দেশের সেবায় সর্বোচ্চভাবে নিয়োজিত দেখতে চাইলে, একজন মানুষের জীবন-যাপনের জন্য স্ট্যান্ডার্ড যে বেতন দরকার তা নির্ধারণ করে পে স্কেল বাস্তবায়ন করা উচিত’। এনএম/ধ্রুবকন্ঠ