ভোট পারফেক্ট করাই এখন প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সারাদেশে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতির এই ইতিবাচক পরিবর্তন দেশের জন্য বড় অর্জন। এখন সরকারের লক্ষ্য হলো একটি ‘পারফেক্ট’ বা নিখুঁত নির্বাচন নিশ্চিত করা’।আজ
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান।প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নেক্সট ওয়ান উইক খুবই ক্রুশিয়াল। ভোট উৎসবমুখর হবে। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন। মানুষ পুরো পরিবার নিয়ে একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবে। আমি আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’।প্রেস সচিব বলেন, ‘পুলিশকে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্র, তার মধ্যে ২৫ হাজার ৭শ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এই বডি ক্যামেরা কীভাবে কাজ করছে, আজকের মিটিংয়ে প্রথমেই রেন্ডমলি পাঁচটা জায়গায় প্রধান উপদেষ্টা যারা বডি ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন’।শফিকুল আলম বলেন, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপও এখন পুরোপুরি চালু হয়ে গেছে। এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধু ইউজ করবেন, যারা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সিকিউরিটি অফিসার। কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে যদি গন্ডগোল-গোলযোগ হয়, কোনো ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে। রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে। সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে। এর ফলে ইলেকশন কমিশন ও নির্বাচনের কাজে নিয়োজিত ফোর্স, তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন। খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। এটা হচ্ছে নির্বাচন সুরক্ষা অ্যাপ’।প্রেস সচিব আরও জানান, এই অ্যাপটি এর আগে দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে সফলভাবে ব্যবহার করা হয়েছিল এবং এর কার্যকারিতা ইতোমধ্যে পরীক্ষিত।
এনএম/ধ্রুবকন্ঠ